ভারতের ভিসার জন্য আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) এক বার্তায় জানানো হয়, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই প্রকাশ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে পারবেন। তবে যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড করবেন, কেবল তারাই বিকেল ৫টা থেকে শুরু হওয়া অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
আইভ্যাক জানায়, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল বাতিল করা হবে।
বার্তায় ভারতের মেডিকেল ভিসা নিয়ে আইভ্যাক বলছে, মেডিকেল ভিসা চাওয়া আবেদনকারীদের কেবলমাত্র সেই নির্ধারিত হাসপাতালে যেতে হবে, যার জন্য ভিসা ইস্যু করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের জন্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি প্রয়োজন।
এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘনের শামিল এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও এতে উল্লেখ করা হয়েছে।