বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ওপর কোনো চাপ দেখছেন না কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কোচ সেবাস্তিয়ান দেশাব্র। তার মতে, এই ম্যাচে চাপ পুরোপুরি ইংল্যান্ডের ওপরই রয়েছে, কারণ তাদের দল ইতোমধ্যেই নিজেদের লক্ষ্য পূরণ করেছে।
বুধবার শেষ ৩২-এর ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের আটলান্টায় সংবাদ সম্মেলনে দেশাব্র বলেন, ‘আমাদের হারানোর তেমন কিছু নেই। বরং এটিই আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা এখানে এসেছি, কারণ আমরা এই জায়গার যোগ্য।’
৫২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। গ্রুপ পর্বে শনিবার উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দলটি প্রতিযোগিতায় নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার পাশাপাশি নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।
নিজেদের বিশ্বকাপ অভিযানের মূল্যায়ন করতে গিয়ে দেশাব্র বলেন, ‘আমাদের লক্ষ্য অনুযায়ী এই বিশ্বকাপ ইতোমধ্যেই সফল হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চাপ ইংল্যান্ড দলের ওপর। তাদের নিজেদের লক্ষ্য পূরণে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
এ জাতীয় আরো খবর..