শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ঢাকা শিক্ষা বোর্ডে আগে টাকার বিনিময়ে জিপিএ ফাইভ বিক্রি হতো। এখন আর এমন কথা শোনা যাবে না।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। অভিভাবকরাও সচেতন। এখন আর শুনবেন না, ঢাকা বোর্ডে ৫ লাখ টাকায় জিপিএ ফাইভ বিক্রি হয়। এগুলো আর হবে না।
যারা এসব করত, তারা চলে গেছে। ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব ক্ষেত্রেই শৃঙ্খলা এসেছে। আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তদারকি করছি। বডি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।'
এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, 'সাধারণত এসএসসি পাসের পর এইচএসসিতে একটি নির্দিষ্ট হারে শিক্ষার্থী ঝরে পড়ে। যেমন- অনেক মেয়ের বিয়ে হয়ে যায়, আবার কেউ কেউ পরিবারের সহায়তার জন্য কাজে যোগ দেয়। কিন্তু এবার দেখা গেছে, মাদরাসা শিক্ষায় ৪৪ শতাংশ, কারিগরি শিক্ষায় ৫৪ শতাংশ এবং সাধারণ শিক্ষায় ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। এটি একটি বড় সংখ্যা।'
মন্ত্রী বলেন, 'প্রশাসন নকল ও অসদুপায় (আনফেয়ার মিনস) বন্ধ করেছে এবং পরীক্ষার মান বাড়িয়েছে। ফলে অনেক শিক্ষার্থী হয়তো মনে করেছে তাদের প্রস্তুতি যথেষ্ট নয়। তবে এটি একটি উদ্বেগজনক বিষয়, যা আমাদের সমাধান করতে হবে। এ কারণে আমরা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিকে আরও গুরুত্ব দিচ্ছি।'
তিনি আরও বলেন, 'আমরা সমস্যার মূল কারণ নিয়ে কাজ করছি। গণমাধ্যমে প্রকাশিত আপনাদের প্রতিবেদনগুলোও আমাদের কাজে সহায়ক হচ্ছে।'
এ জাতীয় আরো খবর..