২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে যোগদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন।
সোমবার (৬ জুলাই) বিকালে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোরামে অংশগ্রহণের পাশাপাশি মূল বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সফরের সময় তার সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, প্রধানমন্ত্রীর এ ফোরামে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে।