বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ে মরক্কোর বিশ্বকাপ স্বপ্ন শেষ হতেই গ্যালারিতে বসে কান্নায় ভেঙে পড়েন নোরা ফাতেহি।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চোখের জল মুছছেন তিনি। পাশে বসা এক বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
মরক্কোর লাল জার্সি গায়ে পুরো ম্যাচজুড়েই দলকে সমর্থন দিয়েছেন এই অভিনেত্রী। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে পৌঁছাতেও কম ভোগান্তি পোহাতে হয়নি নোরাকে।
বস্টনের পথে তীব্র যানজটে আটকে গেলে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে অনেকটা পথ হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান তিনি। তবু প্রিয় দলের খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে বসতে সক্ষম হন।
বিশ্বকাপে ব্রাজিল ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের সঙ্গে ভালো অবস্থান গড়া মরক্কো শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে আর চমক দেখাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আফ্রিকার দলটিকে।
পরাজয়ের কষ্ট থাকলেও মরক্কো দলের প্রতি নিজের গর্বের কথা জানাতে ভোলেননি নোরা। পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।