চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ প্রবেশমুখ থেকে চত্বর পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কজুড়ে যত্রতত্র ফেলা বর্জ্যে ভয়াবহ পরিবেশদূষণ তৈরি হয়েছে।
ব্যস্ত এই সড়কের দুই পাশের আবর্জনা থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে বাসস্ট্যান্ডসহ পুরো এলাকায় চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে।
প্রতিদিন নাক চেপে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।
আবাসিক এলাকা ও মহাসড়কের ওপর ফেলা এই বর্জ্য নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগীদের অভিযোগ, বর্ষায় বৃষ্টির পানিতে বর্জ্য ধুয়ে প্রধান সড়কে ছড়িয়ে পড়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটে।
দীর্ঘদিন ধরে জমে থাকা এই ময়লা থেকে মশা-মাছি ও ক্ষতিকর জীবাণু ছড়াচ্ছে, যার ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
একাধিকবার জানানো সত্ত্বেও পৌরসভা কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ক্ষণে ক্ষণে বাড়ছে।
বিষয়টি নিয়ে হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, ১৯৮৫ সালে এই পৌরসভা যাত্রা শুরু করলেও চার দশকেও কোনো স্থায়ী ডাম্পিং ইয়ার্ড গড়ে ওঠেনি।
তবে বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় ইতিমধ্যে সহকারী কমিশনারকে (ভূমি) উপযুক্ত খাসজমি খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে।
জায়গা নির্ধারণের কাজ শেষ হলেই স্থায়ী ডাম্পিং ইয়ার্ড নির্মাণ শুরু হবে এবং জনদুর্ভোগ কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।