রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে অবস্থিত জাপানি ও এশীয় ফিউশন রেস্তোরাঁ ‘ইচিগো’কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA)।
আজ বুধবার (১৯ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ মোবাইল কোর্ট অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে কোনো ধরনের লেবেল সংযোজন না করেই চাওমিনের জন্য প্রস্তুতকৃত হাফ-বয়েলড নুডুলসসহ বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হচ্ছিল।
এ ছাড়া রেস্তোরাঁয় ব্যবহৃত বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের প্রয়োজনীয় কোনো তথ্য ও স্টিকার পাওয়া যায়নি।
অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স এবং রেস্তোরাঁ নিবন্ধনের বৈধ কাগজপত্র প্রদর্শনেও ব্যর্থ হয়।
এসব অনিয়ম ও অপরাধের বিষয় রেস্টুরেন্ট মালিক স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন বলেন, "খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের প্রতিটি ক্ষেত্রে নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
বিশেষ করে রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আমদানিকৃত খাদ্যপণ্যের মোড়কে তথ্য থাকা ভোক্তার স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সরাসরি জড়িত।"
তিনি আরও স্পষ্ট করেন যে, জনস্বার্থ ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে কর্তৃপক্ষের এমন ঝটিকা পরিদর্শন ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল উপস্থিত ছিল।