স্বামীর জানাজা ও দাফন সম্পন্ন করার পর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা এবং পরবর্তীতে বনানী কবরস্থানে দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়।
দাফন শেষে দুপুর ৩টা ১৫ মিনিটে বনানী থেকে ডা. দীপু মনিকে নিয়ে একটি প্রিজন ভ্যান মুন্সীগঞ্জের উদ্দেশে যাত্রা করে এবং সন্ধ্যা ৬টা ২ মিনিটে সেটি কারাগার প্রাঙ্গণে পৌঁছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীপু মনির আইনি প্রতিনিধি মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে, প্রয়াত স্বামীকে শেষ শ্রদ্ধা জানাতে ও দাফনে উপস্থিত থাকতে সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকায় আনা হয়েছিল তাকে।
ডা. দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজের আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক তাকে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছিলেন, যার সময়সীমা নির্ধারণ করা ছিল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।