‘ধুরন্ধর’ সিনেমায় ইয়ালিনা চরিত্রে অভিনয় করে নতুন করে নজর কাড়া অভিনেত্রী সারা অর্জুন এবার এক ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা সুন্দরী ও কিংবদন্তি অভিনেত্রী মধুবালার
জীবনীভিত্তিক সিনেমায় (বায়োপিক) নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা ও ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিনের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত বায়োপিকটি। আগামী সেপ্টেম্বর মাসেই মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামসে সিনেমাটির শুটিং শুরুর
পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে সঞ্জয় লীলা বানসালি তার ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শেষ গানের দৃশ্য ধারণের কাজ করছেন, যা শেষ হলেই মধুবালার বায়োপিকের কাজে হাত দেবেন।
শিশুশিল্পী হিসেবে মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবিয়া থিরুমাগাল’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন সারা অর্জুন। এরপর তামিল, তেলেগু ও হিন্দি ভাষার নানা চলচ্চিত্রে অভিনয় করলেও ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর বলিউডে তার
অবস্থান আরও সুদৃঢ় হয়। ১৯৬৯ সালে মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হওয়া কিংবদন্তি মধুবালা—যিনি ‘মুঘল-ই-আজম’-এর আনারকলিসহ প্রায় ৬০টি চলচ্চিত্রে অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন—তার মতো ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য
জোর প্রস্তুতি শুরু করেছেন সারা। পরিচালক জসমিত কে. রিনের অধীনে মধুবালার হাঁটাচলা, অঙ্গভঙ্গি ও ব্যক্তিত্ব রপ্ত করতে গ্রুমিং সেশনে অংশ নিচ্ছেন তিনি।
উল্লেখ্য, ২০০৫ সালে জন্মগ্রহণ করা সারা অর্জুন বিশিষ্ট অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। মাত্র ১৮ মাস বয়স থেকে বিজ্ঞাপনে কাজের মাধ্যমে গ্ল্যামার জগতে পা রাখা সারার জন্য মধুবালার বায়োপিকটি তার অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বড়
মোড় হতে যাচ্ছে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।