৬১ বছর বয়সে এসে আবারও এক অভূতপূর্ব শারীরিক রূপান্তরের প্রস্তুতি নিচ্ছেন বলিউড তারকা আমির খান। আশুতোষ গোয়ারিকর পরিচালিত বহুল চর্চিত সিনেমা ‘লালকারা’-তে ২৫ বছর বয়সী এক তরুণের চরিত্রে অভিনয়ের জন্য কঠোর
খাদ্যনিয়ন্ত্রণ ও শরীরচর্চার মাধ্যমে ওজন কমাচ্ছেন বলিউডের এই ‘মিস্টার পারফেকশনিস্ট’।
দেশভাগ এবং স্বাধীন ভারতের পটভূমিতে নির্মিত এই বায়োপিক বা ক্রিকেটভিত্তিক সিনেমায় আমির অভিনয় করছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ও স্বাধীনতার পর প্রথম টেস্ট অধিনায়ক লালা অমরনাথের চরিত্রে। গল্পের তাগিদে লালা
অমরনাথের একদম উদীয়মান তরুণ বয়সের অংশ ফুটিয়ে তুলতেই আমির খানের এই নতুন লুকের প্রস্তুতি।
চরিত্রের প্রয়োজনে শরীরের আমূল পরিবর্তন আমির খানের কাছে অবশ্য নতুন নয়। এর আগে ‘দঙ্গল’ সিনেমায় বয়স্ক মহাবীর সিং ফোগাটের জন্য প্রায় ২৭ কেজি ওজন বাড়িয়ে পরবর্তীতে মাত্র পাঁচ মাসে তা ঝরিয়ে তরুণ লুক ধারণ করেছিলেন
তিনি। এছাড়া ‘গজনি’তে পেশিবহুল শরীর কিংবা ‘লাল সিং চাড্ডা’তে তরুণ বয়সের চরিত্রের জন্যও বিশ কেজি ওজন কমিয়ে চমক দিয়েছিলেন।
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ক্রিকেটভিত্তিক বিখ্যাত সিনেমা ‘লগান’-এর সফলতার দীর্ঘ সময় পর আবারও আশুতোষ গোয়ারিকরের সাথে জুটি বাঁধছেন আমির। ক্রিকেট, দেশভাগের ইতিহাস এবং ৬১ বছরের আমিরের ২৫ বছর বয়সী তরুণ হয়ে
পর্দায় ফিরে আসার এই চ্যালেঞ্জ ‘লালকারা’ নিয়ে দর্শকদের প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।