ঢাকা জেলা প্রশাসনের সেবা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু করা ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে মিলছে ব্যাপক সাড়া। চালুর পর প্রথম এক মাসেই অ্যাপ, ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোট ২,০৯১ জন নাগরিক সরকারি নানা সুবিধা ও সেবা গ্রহণ করেছেন।
আজ রোববার (২৩ আগস্ট) ঢাকা জেলা প্রশাসন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সেবার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে জানানো হয়, 'হ্যালো ডিসি' অ্যাপের মাধ্যমে গত এক মাসে মোট ৯৪৪টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৭৪২টি আবেদনের সেবা ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তথ্যের ঘাটতি ও ত্রুটি থাকায় ১১৭টি আবেদন বাতিল করা হয় এবং বাকি আবেদনগুলো প্রক্রিয়াধীন বা অপেক্ষমান রয়েছে। এছাড়া অ্যাপ ব্যতিরেকে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে ১,৩৪৯ জন সেবাপ্রার্থীকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে।
এই সেবার আওতায় জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, প্রতিবন্ধী ও দুস্থদের অনুদান, প্রবাসীদের গণশুনানি, খাদ্যে ভেজাল ও খাসজমি সংক্রান্ত নানা নাগরিক সমস্যার সমাধান মিলছে। এছাড়া দোহারে সেলাই মেশিন বিতরণ, ধামরাইয়ে দুস্থদের আর্থিক সহায়তা এবং কেরানীগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানসহ একাধিক সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হয়েছে।
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকদের অযথা শারীরিক ভোগান্তি ও যানজট এড়াতে সেবাকে প্রযুক্তিবান্ধব করা হয়েছে। অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান 'জেপিটেক'-এর চেয়ারম্যান মুর্তজা পলাশ নিশ্চিত করেছেন, সেবাপ্রার্থীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষার বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।