ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিয়ে হেফাজতে ইসলামসহ বিভিন্ন মহলের সমালোচনার জবাবে ওলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ ও আলোচনা বাড়িয়ে সব ভুল বোঝাবুঝি দূর
করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
রোববার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই আশ্বাসের কথা ব্যক্ত করেন।
শামীম কায়সার বলেন, একটি নির্বাচনে যেমন শতভাগ মানুষ কোনো একক দলকে সমর্থন করে না, তেমনি কোনো নির্দিষ্ট পদে নিয়োগকেও শতভাগ মানুষ একইভাবে না-ও দেখতে পারে।
অনেক সময় তথ্যের খণ্ডিতাংশ ছড়ালে বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে পারস্পরিক আলোচনা ও সার্বক্ষণিক যোগাযোগ বাড়ালে যেকোনো দূরত্ব ও ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব।
আলেমদের সঙ্গে যোগাযোগের প্রমাণ তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যেই তিনি জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে বৈঠক করেছেন
এবং তাঁদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়ে আশ্বস্ত করতে পেরেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে অধিকাংশ মানুষই ধর্মপ্রাণ এবং এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক উদাহরণ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাজ হলো ইসলামসহ সকল ধর্মের মূল্যবোধ রক্ষা ও সহাবস্থান নিশ্চিত করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং বেগম খালেদা জিয়ার ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আগামীতে সব ধর্ম ও মতের মানুষ যেন নিজ নিজ জায়গা থেকে মুক্তভাবে কথা বলতে
পারেন, সরকার সে পরিবেশ সুনিশ্চিত করবে।