জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর অংশ হিসেবে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন
আশরাফ হল সংলগ্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে দুই সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
চলতি বছর জাতীয় মৎস্য পক্ষের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি প্রধান বলেন, দেশে মাছ উৎপাদনে স্বাবলম্বিতা ধরে রাখতে হলে ব্যক্তিগত ও
প্রাতিষ্ঠানিক—সব পর্যায় থেকেই মৎস্য চাষ বাড়াতে হবে। যেখানেই সুযোগ রয়েছে, সেখানেই চাষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বাদুপানির মাছ উৎপাদনকারী দেশ উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পরিকল্পিত পদক্ষেপ ও সম্মিলিত চেষ্টা বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশ শীর্ষ স্থান দখল করতে পারবে। পাশাপাশি
বঙ্গোপসাগরের বিশাল সামুদ্রিক মৎস্যসম্পদ কাজে লাগিয়ে এই খাতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, মাছ চাষের জন্য বিশাল জলাশয়ের প্রয়োজন নেই; ছোট আকারের পুকুর কিংবা উপযুক্ত জলাশয়েও বিভিন্ন জাতের মাছ উৎপাদন সম্ভব। এতে একদিকে যেমন পুষ্টির চাহিদা মিটবে ও খাদ্যনিরাপত্তা জোরদার
হবে, অন্যদিকে নতুন কর্মসংস্থান তৈরি হয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি সমৃদ্ধ হবে।
সরকারি উদ্যোগকে সফল করতে তিনি বিজিবির সব ইউনিট ও স্থাপনায় থাকা জলাশয়গুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে মাছ চাষের পরিধি বিস্তারের তাগিদ দেন।
উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে চলা এই কর্মসূচির অধীনে বিজিবির বিভিন্ন আঞ্চলিক কার্যালয় ও ইউনিটে পোনা অবমুক্তকরণ, সদস্যদের মাছ চাষে উদ্বুদ্ধকরণ এবং মৎস্য সম্পদ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।