দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত এই সাক্ষাতের বিষয়ে নিশ্চিত করেছে সার্ক সচিবালয়।
সাক্ষাৎকালে মহাসচিব আঞ্চলিক সহযোগিতা ও সার্ক প্রক্রিয়া সচল রাখতে বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি স্মরণ করেন যে, বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের ফলেই সার্কের ভিত্তি স্থাপন হয়েছিল।
দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও যৌথ অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে সার্কের অসামান্য গুরুত্বের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দক্ষিণ এশিয়ার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও এ অঞ্চলের মানুষের ভাগ্যন্নোয়নে আঞ্চলিক সহযোগিতা অন্যতম প্রধান মাধ্যম।
তিনি সার্ক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও গতিশীল করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী আরও জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলোতে গুরুত্ব দিয়ে সার্ককে আরও জনবান্ধব ও সক্রিয় সংস্থায় রূপান্তর করতে কাজ করা প্রয়োজন, যেন এ অঞ্চলের মানুষ সরাসরি উপকৃত হতে পারে।
একই সঙ্গে মহাসচিব হিসেবে দায়িত্বপালনকালে গোলাম সারওয়ারের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে সার্ক কৃষি কেন্দ্র এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থার (SARSO) আয়োজক দেশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন আঞ্চলিক কার্যক্রম সফলভাবে পরিচালনার সুযোগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সার্ক মহাসচিব।