চলতি বছরের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালা অনুযায়ী, কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এবারও অনলাইনে
শিক্ষার্থী ভর্তি করা হবে।
আজ সোমবার (২৪ আগস্ট) একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় এসব তথ্য ও সময়সূচি নিশ্চিত করা হয়েছে।
ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়সূচি:
অনলাইন আবেদন: ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। (অনলাইন ফি: ২২০ টাকা)
ফলাফল প্রকাশ: ১৭ সেপ্টেম্বর (রাত ৮টায়)।
ভর্তি সম্পন্ন করার তারিখ: ২০ থেকে ২২ সেপ্টেম্বর।
ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর।
প্রাথমিক নিশ্চায়ন ফি: ৩৪০ টাকা (বোর্ড ফি)।
আবেদনের যোগ্যতা ও বিভাগ পরিবর্তনের নিয়ম:
চলতি বছর এবং পূর্ববর্তী দুই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণদের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সনদের সমমান নির্ধারণ করতে হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার যেকোনো বিভাগে ভর্তি হতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগসহ পরস্পরের বিভাগে এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা নিয়ম
অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগে আবেদনের সুযোগ পাবেন।
| প্রতিষ্ঠানের ধরণ ও এলাকা | মাধ্যম | সর্বোচ্চ সেশন চার্জ ও ভর্তি ফি |
| এমপিওভুক্ত (ঢাকা মেট্রোপলিটন) | বাংলা ও ইংরেজি | ৫,০০০ টাকা |
| এমপিওভুক্ত (অন্যান্য মেট্রোপলিটন) | বাংলা ও ইংরেজি | ৩,০০০ টাকা |
| এমপিওভুক্ত (জেলা সদর) | বাংলা ও ইংরেজি | ২,০০০ টাকা |
| এমপিওভুক্ত (উপজেলা/মফস্বল) | বাংলা ও ইংরেজি | ১,৫০০ টাকা |
| নন-এমপিও (ঢাকা মেট্রোপলিটন) | বাংলা / ইংরেজি | ৭,৫০০ টাকা / ৮,৫০০ টাকা |
| নন-এমপিও (অন্যান্য মেট্রোপলিটন) | বাংলা / ইংরেজি | ৫,০০০ টাকা / ৬,০০০ টাকা |
| নন-এমপিও (জেলা সদর) | বাংলা / ইংরেজি | ৩,০০০ টাকা / ৪,০০০ টাকা |
| নন-এমপিও (উপজেলা/মফস্বল) | বাংলা / ইংরেজি | ২,৫০০ টাকা / ৩,০০০ টাকা |
শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অননুমোদিত শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল করা হতে
পারে বলে নীতিমালায় সতর্ক করা হয়েছে।