চুয়াডাঙ্গার দামুড়হুদায় অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ বস্তায় মোট ৩৩০ কেজি প্রসেস করা চুল ছিনতাইয়ের ঘটনাটি আসলে একটি সাজানো নাটক ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে কাভার্ড ভ্যানের চালক
ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের দেওয়া তথ্যে ছিনতাই হওয়া সব চুল উদ্ধার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কাভার্ড ভ্যান চালক মো. শহিদুল ইসলাম (৪৭) এবং ম্যানেজার সানোয়ার হোসেন সান্টু (৩৯)। দুজনেই দামুড়হুদা উপজেলার বাসিন্দা।
গত রোববার (২৩ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
ঘটনার পটভূমি ও পুলিশি তদন্ত:
সাজানো অভিযোগ: চুয়াডাঙ্গার স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ঢাকা থেকে ২৩ বস্তায় ৩৩০ কেজি চুল কিনে প্রক্রিয়াজাত করার জন্য কাভার্ড ভ্যানযোগে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আনছিলেন। গত ২২ আগস্ট দুপুরে কোষাঘাটা এলাকায়
পৌঁছালে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে চুল ছিনতাই করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়।
রহস্য উন্মোচন: চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) ও দামুড়হুদা থানা পুলিশ যৌথভাবে তদন্তে নামে। জেরার মুখে চালক ও ম্যানেজারের বক্তব্যের অসংগতি ধরা পড়লে ব্যাপক
জিজ্ঞাসাসাবাদে তাঁরা বিষয়টি নিজেদের সাজানো নাটক বলে স্বীকার করেন।
মালামাল উদ্ধার: পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া ২৩ বস্তা চুল অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং চক্রটির সঙ্গে যুক্ত অন্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।