রাজধানীর কদমতলীর শ্যামপুর বরইতলা এলাকায় ছুরিকাঘাতে মো. জনি (৩৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন।
আজ শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাতে জানা গেছে, জনি পেশায় রিকশাচালক ছিলেন এবং রাতে রিকশা নিয়ে বের হয়েছিলেন। তিনি কদমতলীর শ্যামপুর ব্রিজ সংলগ্ন নবারুণ গলি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁর বাবা তোতা মিস্ত্রী পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাত জানান, ভোর আনুমানিক ৪টার দিকে স্থানীয়দের খবরে শ্যামপুরের বরইতলা এলাকা থেকে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার পেছনে মূল কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। বর্তমানে মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।