কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের উপযুক্ত সুচিকিৎসা ও মানবিক মর্যাদা নিশ্চিতের দাবিতে সরব হয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স। সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি, যিনি ইমরানের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই দাবি জানালেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অসি কিংবদন্তি গ্রেগ চ্যাপেলের প্রকাশ করা এক সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে চ্যাপেলসহ অন্য সাবেক অধিনায়কদের অবস্থানের সাথে পূর্ণ সংহতি জানান কামিন্স। এতে তিনি উল্লেখ করেন, ইমরান খান আদালতের নির্দেশ অনুযায়ী সঠিক শারীরিক পরীক্ষার সুযোগ পান এবং তাঁর পরিবার যাতে নিয়মিত সাক্ষাতের অধিকার পায়, তা সুনিশ্চিত করা প্রয়োজন। একজন সাবেক প্রধানমন্ত্রী এবং ক্রিকেট ইতিহাসের মহানায়ক হিসেবে ইমরানের প্রাপ্য সম্মান ও ন্যূনতম মানবিক মর্যাদা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে বিশ্বের ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক—যার মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক তারকারা রয়েছেন—পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি পাঠিয়ে ইমরানের চিকিৎসার বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থার সম্প্রতি অবনতি ঘটেছে এবং তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার মতো গুরুতর খবর বের হলে এ নিয়ে ক্রীড়া অঙ্গনে উদ্বেগ ছড়ায়। পাকিস্তান সরকার ইমরানের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেও বিশ্বব্যাপী তাঁর চিকিৎসা ও মুক্তির দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে।