খাগড়াছড়িতে মাদক, কিশোর অপরাধ এবং স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (৩০ আগস্ট) জেলা শহরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে মতবিনিময় সভা, আলোচনা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য শপথ পাঠ করান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্ণিজি চাকমা, সিনিয়র সাংবাদিক আবু তাহের, সংগঠনের উপদেষ্টা ডা. মো. রবিউল পাটোয়ারী রবি এবং সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়।
সংগঠনটির সভাপতি জানান, শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। খাগড়াছড়ির এই সেশনটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৪৪তম কর্মসূচি। এ পর্যন্ত দেশের প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।