উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে জনসম্মুখে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানরা হলেন—কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে গত ২৪ আগস্ট এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, গত ১০ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর আওতায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করে উপজেলা প্রশাসন। সেই নিয়োগের ফল প্রত্যাখ্যান করে প্রকাশ্যে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের বিরুদ্ধে আপত্তিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান জাকারিয়া ও শফিকুল।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রতিনিধি হিসেবে তাঁদের এ ধরনের আচরণ দায়িত্বশীলতা, শালীনতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থী। এমন পরিস্থিতিতে তাঁদের পদে বহাল রেখে ক্ষমতার প্রয়োগ জনস্বার্থ ও প্রশাসনিক আইনের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাঁদের নিজ নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।