জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঐতিহ্যবাহী গবেষণাপত্র ‘জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স’-এর ১১তম ভলিউমের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন আনুষ্ঠানিকভাবে এই নতুন ভলিউমটির মোড়ক উন্মোচন করেন।
প্রকাশিত জার্নালের ১১তম ভলিউমের দু’টি সংখ্যায় জীবনবিজ্ঞান ও সংশ্লিষ্ট শাখাগুলোর নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মোট ২১টি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাধর্মী প্রবন্ধ স্থান পেয়েছে। গবেষণাপত্রগুলোতে সমসাময়িক বৈজ্ঞানিক অনুসন্ধান, উদ্ভাবনী ফলাফল এবং প্রায়োগিক বিষয়াবলি তুলে ধরা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জার্নালটির প্রধান সম্পাদক ও সংশ্লিষ্ট অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন এবং বর্তমান ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং সম্পাদনা পর্ষদের অন্যান্য সদস্যরা এতে অংশ নেন।
নতুন ভলিউমটি প্রকাশের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা উদ্যোগে নতুন গতি সঞ্চার হবে এবং শিক্ষক-গবেষকদের উচ্চমানের গবেষণালব্ধ জ্ঞান বিশ্ব একাডেমিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।