সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে আনুমানিক ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়িসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
গত সোমবার (৩১ আগস্ট) দিনগত রাত পৌনে চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি বিশেষ টাস্কফোর্স টিম শান্তিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. সেলিম রানা নেতৃত্ব দেন। টাস্কফোর্স দল কর্তৃক তল্লাশিকালে একটি পরিত্যক্ত কাভার্ড ভ্যান থেকে ২,৬৮৪ পিস উচ্চমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রোধ ও সরকারের রাজস্ব ক্ষতি বাঁচাতে বিজিবির এই কঠোর তৎপরতা অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।