রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতেই মারধর ও লাথি মারার ঘটনায় দায়ের করা মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— রাজবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), ২৮ কলোনি এলাকার রুবেল হোসেন (১৯) এবং ৮ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গ্রামের হেলাল উদ্দিন (৩৮)।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে ভুক্তভোগী জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি ১ সেপ্টেম্বর সদর থানায় ১ নম্বর মামলা হিসেবে নিবন্ধিত হয়।
উল্লেখ্য, গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে বড় বাজারে ব্যবসায়ী বিরোধকে কেন্দ্র করে ওই নারীকে একদল যুবক পুলিশের সামনেই মারধর ও লাথি মারে। এই নির্যাতনের দৃশ্য ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ওসি উত্তম কুমার ঘোষ জানান, ভাইরাল ভিডিও ও অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হচ্ছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।