বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক বিশেষ চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চিঠি ও সংশ্লিষ্ট বার্তার মূল বিষয়সমূহ নিচে তুলে ধরা হলো:
নেতৃত্ব ও উজ্জ্বল ভবিষ্যতের বার্তা: নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এবং এ দেশের জনগণের জন্য এক উজ্জ্বল ও সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে চিঠিতে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানান।
বোয়িং উড়োজাহাজ ক্রয় ও ধন্যবাদ: বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের আশ্বাস: বিমান ক্রয়ের ক্ষেত্রে বোয়িং বাংলাদেশ সরকারের আশা-আকাঙ্ক্ষার মর্যাদা রাখবে এবং বাংলাদেশকে হতাশ করবে না বলে ট্রাম্প আশ্বস্ত করেন। পাশাপাশি এই চুক্তির প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ ও উদ্যোগের কথা তিনি বিশেষভাবে স্মরণ রাখবেন বলেও উল্লেখ করেন।