1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মেসিকে বিদায় জানাতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের নতুন পরিকল্পনা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-09-2026 ইং
  • 1176 বার পঠিত
ad728

আকাশী-সাদা জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। ফুটবল জাদুকরের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণায় বিষাদের ছায়া বিশ্বজুড়ে।

 

তবে নিজেদের সর্বকালের সেরা ফুটবলারকে রাজকীয় সম্মান জানাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ঘরোয়া ফুটবলের চলমান সব ম্যাচে বিশেষ বিরতি দিয়ে 'এলএমটেন'কে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, এএফএ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব স্তরের আসন্ন ম্যাচগুলোতে একটি বিশেষ রীতি পালন করা হবে। প্রতিটি ম্যাচের ঠিক দশম মিনিটে রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দেবেন। এরপর পুরো এক মিনিট ধরে চলবে তুমুল করতালি। ১০ নম্বর জার্সির প্রতি এটি হবে গোটা দেশের সম্মান প্রদর্শন।


এছাড়া যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন বা ভিডিও বোর্ডের সুবিধা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে এএফএ-এর তৈরি করা একটি বিশেষ ভিডিও-মন্টেজ প্রচার করা হবে, যা এর আগে সামাজিক মাধ্যমেও প্রকাশ করা হয়েছিল।


৩৯ বছর বয়সী এই মহাতারকা আন্তর্জাতিক অঙ্গনে নিজের শেষ ম্যাচটি খেলেছেন সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে, স্পেনের বিপক্ষে। এরপর গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন দীর্ঘ চিঠির মাধ্যমে দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি।


তিন পৃষ্ঠার সেই বিদায়ী বার্তায় ফুটে উঠেছে ফুটবল জাদুকরের হৃদয়ের তৃপ্তি ও অবসাদ। প্রথম পৃষ্ঠায় নিজের সবটুকু নিংড়ে দেওয়ার কথা জানিয়ে মেসি লিখেছেন, 'আমি আমার পুরোটা উজাড় করে দিয়েছি... নিজেকে একদম রিক্ত করে ফেলেছি। আমার ভেতরে আর দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই।'


চিঠির দ্বিতীয় পৃষ্ঠায় উঠে এসেছে ২০ বছরের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ। সেখানে পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ এবং দেশের মানুষের প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আর শেষ পৃষ্ঠায় একেবারে খাঁটি আর্জেন্টাইন আবেগ ঢেলে দিয়ে লিখেছেন, 'আমাকে আর্জেন্টাইন হিসেবে পৃথিবীতে পাঠানোর জন্য ঈশ্বরকে অশেষ ধন্যবাদ!! এগিয়ে যাও আর্জেন্টিনা।'

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..