চিরচেনা হোম গ্রাউন্ডে মাত্র ২০৭ রান তুলেও বাংলাদেশের জয় হলো দারুণ দাপটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেলো মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই লড়তে হয়েছে টাইগারদের। পরিচিত কন্ডিশন, তবে ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এক পর্যায়ে মনে হচ্ছিল ২০০ রানের গণ্ডিও টপকাতে পারবে না স্বাগতিকরা। তবে তৌহিদ হৃদয়, জাকির হাসান অঙ্কন ও শেষ দিকে রিশাদ হোসেনের ক্যামিও ইনিংসে ভর করে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২০৭ রান।
রান তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরুটা ভালোই করেছিল। কিন্তু চিত্রটা বদলে দেন রিশাদ হোসেন। লেগস্পিনে ঘূর্ণি জাদু ছড়িয়ে একের পর এক উইকেট তুলে নেন তিনি। ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ যেন মুহূর্তেই ভেঙে পড়ে তার স্পিন আক্রমণে।
শেষপর্যন্ত ৩৯তম ওভারেই ১৩৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাকি থাকে তখনও ১১ ওভার।
বোলিংয়ে ছিলেন নিখুঁত, নিয়ন্ত্রিত ও বিধ্বংসী। নিয়েছেন গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট, যার মধ্যে ছিল মধ্য ও নিম্ন সারির ব্যাটারদের বিপর্যয় ঘটানো কিছু স্পেল। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে রিশাদের হাতেই।a