প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সময়মতো সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ১৫ নভেম্বরের মধ্যে সব নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন।
বুধবার প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক এ নির্দেশনা দেন তিনি।
ড. ইউনূস বলেন, “নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল দপ্তরকে সময়মতো দায়িত্ব পালন করতে হবে, যাতে ভোটাররা নির্ভরযোগ্য ও নিরাপদ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত কোনো ধাপ পিছিয়ে গেলে তা জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য সকল সংশ্লিষ্ট কর্মকর্তাকে সতর্ক, কার্যকর ও সময়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে হবে।
সরকারি সূত্রে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসের এই নির্দেশনা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগের কর্মপরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়িত হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ভোটের প্রস্তুতি সম্পন্ন হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সূচি যথাযথভাবে অনুসরণ করা যায়।