দেশের নারীদের মধ্যে স্তন ক্যান্সার এখন মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় সিঙ্গাপুরের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক তো হান চংয়ের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সার এবং ফ্যাটি লিভারজনিত ক্যান্সারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। সময়মতো সনাক্ত ও চিকিৎসা না হলে এসব রোগ প্রাণঘাতী হয়ে উঠছে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “স্বাস্থ্য খাতে উন্নয়ন কেবল হাসপাতাল বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; জনগণের সচেতনতা, প্রাথমিক সনাক্তকরণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর উপায়।”
তিনি দেশের সব স্তরে, বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক নারীদের মধ্যে ক্যান্সার সচেতনতা কর্মসূচি চালু করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি-বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে স্তন ক্যান্সার ও ফ্যাটি লিভার ক্যান্সার প্রতিরোধে গবেষণা ও স্ক্রিনিং কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন।
স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের স্বাস্থ্যসেবা পরিকল্পনায় ক্যান্সার চিকিৎসা ও প্রতিরোধকে এখন অগ্রাধিকার খাতে রাখা হয়েছে।