আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেওয়া হয়েছে। বর্তমানে মহিষটিকে পর্যবেক্ষণের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, 'মহিষটিকে গত রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আমাদের বিশেষজ্ঞ ভেটেরিনারি ও নিউট্রিশন বোর্ডের সিদ্ধান্ত ছিল যেহেতু এটি একটি গবেষণাযোগ্য বিষয়, তাই মহিষটিকে গবেষণা প্রতিষ্ঠানে পাঠানোই উত্তম। এ মহিষ নিয়ে বেশকিছু গবেষণার সুযোগ রয়েছে।'
তিনি আরও বলেন, 'মহিষটির মধ্যে এমন কোনো বিশেষ জিনগত বা অর্থনৈতিক বৈশিষ্ট্য আছে কি না, যা দেশের মহিষ উন্নয়নে কাজে লাগতে পারে, সেটি গবেষণার মাধ্যমে জানা যাবে। এ কারণেই গবেষণা প্রতিষ্ঠানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
বর্তমান অবস্থা সম্পর্কে চিড়িয়াখানার পরিচালক জানান, মহিষটিকে হস্তান্তরের পর আর সরাসরি খোঁজ নেওয়া হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, মহিষটি ভালো অবস্থায় রয়েছে।
বিএলআরআই কর্মকর্তারা জানান, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত রোববার জাতীয় চিড়িয়াখানা থেকে আনুষ্ঠানিকভাবে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।