স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে প্রথম পর্ব শেষ করেছে ব্রাজিল। এই গ্রুপ সেরা হওয়ার সুবাদে সেলেসাওদের নকআউট পর্বের (রাউন্ড অব ৩২) ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে।
একই সঙ্গে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে কার্লো আনচেলত্তির দলটির সম্ভাব্য পথ কেমন হতে পারে, তারও একটি নকশা তৈরি হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখা ব্রাজিল মাঠে নামবে আগামী ২৯ জুন (বাংলাদেশ সময় রাত ১১টা)।
টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ দল। এই পজিশনটির জন্য আজ গ্রুপ ‘এফ’-এর শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-তিউনিসিয়া এবং জাপান-সুইডেন।
বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান ৪ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে আছে ডাচরা, অন্যদিকে সুইডেনের পয়েন্ট ৩। এই তিন দলের মধ্যে যে দলই গ্রুপ রানার্স-আপ হবে, তারাই শেষ ৩২-এ ব্রাজিলের মুখোমুখি হবে।