আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৩৮ বছর বয়সী এই সাবেক ফাস্ট বোলার।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
কয়েক দিন আগেই শাপুরের শারীরিক অবস্থার অবনতির খবর প্রকাশ্যে আসে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ছিলেন শাপুর জাদরান। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পরিচিত করে তোলার পথে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। গতি, আগ্রাসী মনোভাব এবং লড়াকু মানসিকতার জন্য তিনি সমর্থকদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন।
গভীর শোক ও দুঃখের সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড সাবেক আফগান পেসার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছে। বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ড শুরুতেই লিখেছে, শাপুর জাদরান ছিলেন আফগানিস্তান ক্রিকেটের ভিত্তি গড়ে তোলা অন্যতম অগ্রদূত। তার নিষ্ঠা, আবেগ ও অটুট প্রতিশ্রুতি দেশের ক্রিকেটের উত্থান ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আফগানিস্তানের ক্রিকেটযাত্রার শুরুর দিকের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। তার অবদানই আন্তর্জাতিক অঙ্গনে আফগান ক্রিকেটের পথচলাকে সুদৃঢ় করতে সহায়তা করেছে।
বিবৃতি আরও বলা হয়, ক্যারিয়ারের পুরো সময়জুড়ে শাপুর জাদরান সম্মান, সাহস ও গর্বের সঙ্গে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। তার অবদান ও সাফল্য আফগান ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় দলের জন্য তার নিবেদন ও সেবা কখনোই ভোলা যাবে না।
আফগান তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখানোর কারিগর হিসেবে বিবৃতি উল্লেখ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, ‘মাঠের পারফরম্যান্সের বাইরেও শাপুর জাদরান ছিলেন অসংখ্য তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা বহু মানুষকে আশা জুগিয়েছে এবং নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে ও আফগান ক্রিকেটের ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে উৎসাহিত করেছে।’