গত ১২ জুন রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্কুল অব লিডারশিপ - এর উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ ব্রেকফাস্ট পার্টি। এ আয়োজনে সভাপতিত্ব করেন স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা নয়ন বাংগালি।
এ উপলক্ষে ছুটির দিন আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিরা ভোরে হাজির হন নয়ন বাংগালির বাসভবনে। ঘড়ির কাঁটা তখন সকাল ৬ টা ছুঁয়েছে। স্কুল অব লিডারশিপের মহতি এ আয়োজনে একে একে উপস্থিত হতে থাকেন বরেণ্য সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি জাহিদ খান, ব্যবসায়ী ও সংগঠক দিলাওয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবিতা দিলাওয়ার প্রমুখ।
ব্রেকফাস্ট পার্টিতে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। উপস্থিতি ব্যক্তিত্বরা এসব নিয়ে নিজস্ব পর্যবেক্ষণ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে নয়ন বাংগালি বলেন, তৃণমূলের নেতৃত্বে আমূল পরিবর্তন আনতে হবে। এছাড়া উন্নয়নে বিস্তৃত হবে না। স্কুল অব লিডারশিপ এ লক্ষ্যেই কাজ করে চলেছে।
জাহিদ খান বলেন, নেতৃত্বে আসতে হলে নেতার মধ্যে ত্যাগী ও সৎ স্বভাব থাকতে হবে। অসৎ নেতৃত্বের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।
মুশফিকুল ফজল আনসারী বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা স্বৈরাচার বিতাড়িত করে সক্ষমতার প্রমাণ রেখেছি।
দিলাওয়ার হোসেন বলেন, রাজনীতিবিদদের সঙ্গে সমাজের সকল অংশের ইতিবাচক সম্পর্ক থাকতে হবে। এটা নিশ্চিত হলে অগ্রগতি দৃশ্যমান হবে।
কবিতা দিলাওয়ার বলেন, প্রবাসী কমিউনিটি দেশকে বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করে। তাদের দায়িত্ব তাই সংবেদনশীলতার সঙ্গে অনুভব করতে হবে।
আয়োজনে হাজির হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান নয়ন বাংগালি। সব শেষে স্কুল অব লিডারশিপের উদ্যোগে নিয়মিত এমন আয়োজন হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..