ভারতে প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে অবশেষে তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে কেন্দ্রীয় সরকার। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশজুড়ে চলমান আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সরকার ও ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়। কয়েক সপ্তাহ ধরে চলা প্রশ্নপত্র ফাঁসবিরোধী আন্দোলনের মধ্যে এটিই উভয় পক্ষের প্রথম আনুষ্ঠানিক সংলাপ।
আলোচনা শুরু হলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পুরো পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে টানা ২৬ দিনের অনশন শেষে বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন অধিকারকর্মী সোনম ওয়াংচুক। তার এই সিদ্ধান্ত চলমান সংকট নিরসনের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধনের একটি খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
তবে আন্দোলনকারীরা এই উদ্যোগকে অপর্যাপ্ত বলে মনে করছেন। তাদের বক্তব্য, শুধু শাস্তির বিধান কঠোর করলেই সমস্যার সমাধান হবে না। ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস পুরোপুরি বন্ধ করতে পরীক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার জরুরি।
এ জাতীয় আরো খবর..