ঢাকা ও নয়াদিল্লির শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রত্যক্ষ সংলাপের মাধ্যমে বিদ্যমান নানা অসমাপ্ত বিষয়ের ইতিবাচক সুরাহা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর মতে, যেকোনো কূটনৈতিক সংকট
কাটানোর প্রধান উপায়ই হলো গঠনমূলক আলোচনা।
রোববার রাজধানীর যমুনা ফিউচার পার্কে আইভেক সেন্টারে শিশু কর্নার উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলে বহু সমস্যার জট খুলে যাবে। আমরা যখন টেবিলে বসে কথা বলি, তখনই সমাধানের পথ সুগম হয়। দুই
দেশের মানুষের সম্পর্কে কোনো দূরত্ব নেই, পুরো বিষয়টিই অত্যন্ত ইতিবাচক।"
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, "আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গভীর শ্রদ্ধা করি। তাঁর বক্তব্য ও দৃষ্টিভঙ্গি প্রমাণ করে তিনি একজন জননেতা। ঠিক তেমনি ভারতের প্রধানমন্ত্রীও জনগণের
কল্যাণে নিবেদিত।"
ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে এক
পূর্বনির্ধারিত সৌজন্য সভায় অংশ নেন দীনেশ ত্রিবেদী।