ট্রাম্পের ভুল নীতিতেই শক্তিশালী ইরান, মার্কিন সিনেটরের তীব্র ক্ষোভ
ইরান-মার্কিন সামরিক সংঘাত সামলাতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ব্যর্থ ও পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি
করেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধমুখী নীতির সুযোগ নিয়ে ইরান নিজেদের অবস্থান আরও শক্ত করছে, আর অন্যদিকে দিন দিন দুর্বল হয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
অবরুদ্ধ হরমুজ প্রণালি মুক্ত করার তাগিদ দিয়ে সিনেটর মারফি জানান, সংঘাত এড়াতে এখন কোনো অপ্রিয় শর্ত বা সাধারণ চুক্তিতে যেতে হলেও তিনি তাতে সায় দেবেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ থাকায় প্রতিদিন ব্যবসায়িক
ব্যয় পাহাড়সমান হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ওয়াশিংটন টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইরানের পক্ষ থেকে যেকোনো আলোচনার আগে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, সকল বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের
সামরিক হামলা পুরোপুরি বন্ধের দাবি জানানো হচ্ছে।
নিজের সুর আরও চড়া করে ডেমোক্র্যাট এই নেতা সতর্ক করেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, আমেরিকার অর্থনীতি তত বেশি ধসে পড়বে এবং সাধারণ নাগরিকদের ওপর তার প্রভাব পড়বে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। তিনি
পরিষ্কার জানিয়ে দেন, এই সংঘাত চালিয়ে যাওয়ার জন্য নতুন কোনো বাজেট অনুমোদনে তিনি ভোট দেবেন না। তবে যুদ্ধ থেমে গেলে মার্কিন সেনাবাহিনীর অস্ত্রের ঘাটতি পূরণে যেকোনো সহায়তায় তিনি রাজি আছেন বলে নিশ্চিত করেছেন।