বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারে দারুণ গতি ফেরাল দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’।
মুক্তির পর প্রথম দিন থেকেই বক্স অফিসে সাড়া ফেলা এই সিনেমাটি দ্বিতীয় দিনে আয়ের ক্ষেত্রে বড় লাফ দিয়েছে।
প্রথম দুই দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৭২ কোটি ৯০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি ৫২ লাখ টাকারও বেশি।
ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে ২২ কোটি রুপি আয় করা ‘আওয়ারাপন ২’ দ্বিতীয় দিনে ব্যবসা করেছে প্রায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি।
ফলে কেবল ভারতেই সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৭৫ লাখ রুপি (গ্রস আয় প্রায় ৬৬ কোটি ৯০ লাখ রুপি)।
এর সঙ্গে বিদেশের বাজারের প্রায় ৬ কোটি রুপি যোগ হয়ে মোট গ্রস সংগ্রহে এ সাফল্য আসে।
প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে সিনেমাটির আয় প্রায় ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রোববার ছুটির দিন থাকায় তিন দিনের সপ্তাহান্ত শেষে সিনেমাটির ব্যবসা আরও বড় অঙ্কে পৌঁছাবে বলে আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
মোহিত সুরি পরিচালিত এই সিনেমায় ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন দিশা পাটানি।
২০০৭ সালের সুপারহিট ‘আওয়ারাপন’-এর প্রায় দুই দশক পর নির্মিত এই দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের যে ব্যাপক উন্মাদনা ছিল, বক্স অফিসের এই সাফল্য তারই প্রমাণ।