জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে লাল বাদশা (২০) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৮) নামে অপর এক তরুণ গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন। রোববার (১৬ আগস্ট) নিহতের মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেছেন।
নিহত বাদশা এবং আহত মাজেদুল উভয়েই ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে জামালগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় গেলে লাল বাদশা ও মাজেদুলকে আটক করে পাম্পের কর্মচারীরা।
পরে তাদের একটি পোলট্রি খামারে নিয়ে রাতভর নির্যাতন চালানো হয়। নির্যাতনে লাল বাদশা মারা গেলে ও মাজেদুল অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাদের ক্ষেতলালের মহব্বতপুর এলাকার সড়কের পাশে ফেলে রেখে যায়।
পরদিন সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তাদের উদ্ধার করে। ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সন্দেহভাজন ৭ জনকে আটক করে।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয় এবং বাকি ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ফিলিং স্টেশনের ম্যানেজার আজিমুল হক (৩৫), কর্মচারী সাইফুল ইসলাম সজীব (৩১), রফিকুল ইসলাম (৩০) এবং আমজাদ আলী (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন ও ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।