বিএনপির সাবেক মহাসচিব ও প্রাক্তন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খালি হওয়া ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। তাঁর এই ঘোষণায় ঠাকুরগাঁওয়ের ওই আসনের উপনির্বাচন ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
দেশের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রীত্ব ও সব ধরনের দলীয় পদের পাশাপাশি জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকেও পদত্যাগ করেন। সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করায় সেখানে উপনির্বাচনের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আর সেই আসন থেকেই ভোটযুদ্ধে নামার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম।
প্রার্থী হওয়ার প্রসঙ্গে হিরো আলম জানান, প্রথমে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচন করার পরিকল্পনা করেছিলেন। তবে মির্জা ফখরুলের আসনটি খালি হওয়ার কথা তিনি আগে জানতেন না। এলাকার মানুষের পরামর্শেই উত্তরাঞ্চলের রাজনীতিতে যুক্ত থাকতে ঠাকুরগাঁও-১ বেছে নিয়েছেন বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এবারও তিনি নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটে লড়বেন।
এর আগেও বিভিন্ন উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দেওয়া হিরো আলমের এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ নেবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকতার ওপর। কমিশনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই প্রক্রিয়ার পরেই স্পষ্ট হবে ভোটের মাঠে তাঁর চূড়ান্ত উপস্থিতি।
এ জাতীয় আরো খবর..