ঢাকা: রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সময়ে নগরীর বিভিন্ন থানায় নতুন করে মোট ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নিয়াজ মেহেদী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩২ জন এবং ওয়ারী বিভাগ থেকে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মতিঝিল বিভাগে ৫৩, উত্তরা বিভাগে ৫৫, তেজগাঁও বিভাগে ৪৫, গুলশান বিভাগে ৪০, রমনা বিভাগে ৩৪, লালবাগ বিভাগে ৩৩ এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধমূলক কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়।
যার মধ্যে রয়েছে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন এবং ৫ লিটার দেশি মদ।
মাদকের পাশাপাশি অভিযানকালে ১১ হাজার ৪৮০টি নকল প্রসাধন সামগ্রী (ক্রিম), ৫২৬ বস্তা চাল, ১১টি মোবাইল ফোন, ২টি চাকু, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার এবং গাড়ির রিমোট চাবি জব্দ করা হয়েছে।
একই সাথে পুলিশের বিশেষ এই অভিযানে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা সম্ভব হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।