সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
আজ বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৩০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১১৯ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে। একই সময়ে মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি ঘটেছে ৭৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, এ বছর এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৩৭৪ জন।
উল্লেখ্য, পূর্ববর্তী বছরগুলোতেও ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখা গিয়েছিল। গত বছর দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪১৩ জনের মৃত্যু হয়।
তার আগের বছর ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।