কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে সারের সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের বেড়া ভেঙে ১৯৭ বস্তা সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে প্রধান এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, বিক্ষুব্ধ কৃষকদের নিয়ে যাওয়া সারের মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত ডিলারকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করে আজ সোমবারের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
ইউএনও আরও উল্লেখ করেন, এলাকায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সে জন্য স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা,
সার ডিলার, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।