নওগাঁর বদলগাছীতে পরিবহণ শ্রমিক ইউনিয়নের একটি অফিস ব্যবহার নিয়ে দ্বন্দ্বে সাবেক এক কৃষকদল নেতার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আবু রায়হান গিটার নামে স্থানীয় এক বিএনপি নেতা।
আহত আবু রায়হান গিটার উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
গতকাল রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গোঁবরচাপা মোড়ে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সুজাউল ইসলাম, যিনি মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, গোঁবরচাপা মোড়ে অবস্থিত ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়টি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
অভিযোগ ওঠে, সুজাউল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজনকে সাথে নিয়ে জোরপূর্বক কার্যালয়টি ব্যবহার করছিলেন। ঘটনার দিন স্থানীয়রা এতে বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
সংঘাত থামানোর উদ্দেশ্যে বিএনপি নেতা আবু রায়হান গিটার মধ্যস্থতা করতে এগিয়ে গেলে সুজাউল তাকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে শাহীন নামে আরও এক স্থানীয় তরুণ আহত হন। পরবর্তীতে উত্তেজিত জনতা অভিযুক্ত সুজাউলকে গণধোলাই দিলে তিনিও আহত হন।
গুরুতর আহত অবস্থায় আবু রায়হান গিটারকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান নাহিদ জানান, তার বুকে গভীর ক্ষত রয়েছে এবং
অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু জরুরি চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত সুজাউল ইসলাম অভিযোগ অস্বীকার করে দাবি করেন, কার্যালয়টি তার বাবা বিগত চার বছর ধরে ব্যবহার করে আসছেন। বিএনপি নেতার লোকজন এসে অযাচিত বাধা দেওয়াতেই এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।