যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলেইনে দুর্বৃত্তের গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে
ব্রুকলেইনের রাউনসভিলে অবস্থিত ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে। এতে রাজুর অপর এক বাংলাদেশি সহকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
নিহত মো. রাজু নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার সময়ে এক সশস্ত্র বন্দুকধারী হঠাৎ রেস্তোরাঁয় ঢুকে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে।
এতে ঘটনাস্থলে কর্মরত রাজুর বুকে গুলি লাগে এবং অপর বাংলাদেশি কর্মীর পায়ে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়।
আহত অপর বাংলাদেশি বর্তমানে শংকামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, রাজুর মর্মান্তিক অকালমৃত্যুতে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্বজনেরা।