ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর প্রদান প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনিও। তাঁর মতে, কোনো দলীয় সাফল্য বা ট্রফি জয়ের বিচারে নয়, বরং একজন ফুটবলারের জন্মগত অসাধারণ প্রতিভার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া উচিত।
এক সাক্ষাৎকারে মরিনিও জানান, ব্যালন ডি’অর এমন ফুটবলারদেরই প্রাপ্য, যাঁদের খেলা মানুষ অবসরের পরও গভীরভাবে মিস করে। নিজের যুক্তি তুলে ধরতে গিয়ে তিনি দিয়েগো ম্যারাডোনা, রোনালদো নাজারিও, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং জিনেদিন জিদানের উদাহরণ টেনে বলেন, “যাঁদের আমরা খেলা ছাড়ার পরও মিস করি এবং চিরকাল মিস করতে থাকব, ব্যালন ডি’অর তাঁদেরই পাওয়া উচিত।”
কেবল চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জয়ের কারণে কাউকে বর্ষসেরা বানানোর বিপক্ষে কঠোর অবস্থান নেন এই পর্তুগিজ কোচ। তিনি মন্তব্য করেন, দলীয় সাফল্যই যদি মূল মাপকাঠি হয়, তবে ফুটবলারদের বদলে এটি কোচদেরই দেওয়া উচিত। উদাহরণ দিয়ে তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লিগ সাফল্যের জন্য লুইস এনরিকে এবং স্পেনের ইউরো জয়ের জন্য লুইস দে লা ফুয়েন্তে এ পুরস্কারের যোগ্য দাবিদার।
পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মরিনিও অভিযোগ করেন, ব্যালন ডি’অরে এখন নোংরা রাজনীতি ঢুকে পড়েছে। রাজনীতি জড়িয়ে পড়ার কারণেই পুরস্কারটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করেন এই অভিজ্ঞ ফুটবল মাস্টারমাইন্ড।