বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সমগ্র মুসলিম বিশ্বকে তাদের ‘আসল শত্রু’ আমেরিকা ও ইসরায়েলের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। খবর আল জাজিরার।
আজ রোববার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, শত্রুরা বর্ণগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে অজুহাত বানিয়ে মুসলিম দেশগুলোকে বিভেদের দিকে ঠেলে দিচ্ছে।
বিবৃতি ও বার্তার মূল দিকসমূহ:
ঐক্যের অভাব ও ফিলিস্তিন সংকট: মোজতবা খামেনি প্রশ্ন তুলে বলেন, “মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত, তবে কি ফিলিস্তিনি জাতি এতটা অসহায় হতো, দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হতো?” পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে দূরের কোনো শক্তি তাদের সম্পদে নজর দেওয়ার দুঃসাহস পেত না বলেও তিনি মন্তব্য করেন।
বিভেদ সৃষ্টির কৌশল: তিনি জানান, শত্রুপক্ষ মূলত মুসলিম উম্মাহকে খণ্ড-বিখণ্ড করে এর শক্তি দুর্বল করতে চায়, যাতে সহজেই তারা নিজেদের আধিপত্য চাপিয়ে দেওয়ার সুযোগ পায়।
প্রকৃত শত্রু চিহ্নিতকরণ: যুক্তরাষ্ট্রের অপরাধী শাসক এবং 'ভুয়া ট্রাম্প-ইসরায়েলি শাসকগোষ্ঠী'কে মুসলমানদের ঐক্য ও বন্ধুত্বের প্রধান শত্রু উল্লেখ করে খামেনি বলেন, তারা কেবল ইরান বা ইসলামি প্রতিরোধের শত্রু নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম উম্মাহর শত্রু।
মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি শত্রুর পরিকল্পনা ও কৌশল বুঝে মুসলমানদের বিভক্ত করে—এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।