বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে ফিরতে চলেছেন। ট্রান্সফার ডেডলাইনের আগে লেস্টার সিটি ছেড়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে যোগ দেওয়ার পথে রয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।
ব্রিটিশ সংবাদমাধ্যম শেফিল্ড স্টারের খবর অনুযায়ী, রোববার হামজার মেডিকেল হওয়ার কথা রয়েছে। দুই ক্লাবের মধ্যে ‘কার্যত ফ্রি’ ট্রান্সফারের বিষয়ে সমঝোতাও হয়েছে।
মঙ্গলবার রাতের ডেডলাইনের আগেই চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে চায় শেফিল্ড ইউনাইটেড। সবকিছু পরিকল্পনা মতো এগোলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচেই হামজাকে দলে পাওয়া যেতে পারে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ডেডলাইনের কয়েক ঘণ্টা আগে।
লেস্টারে মাত্র সাত বছর বয়সে যোগ দিয়েছিলেন হামজা।
দুটি লোনে বার্টন অ্যালবিয়নে খেলার পর ২০১৭ সালে লেস্টারের মূল দলে জায়গা করে নেন তিনি। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার।
২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেন হামজা। এরপর ২০২৪ সালে লেস্টারের সঙ্গে প্রিমিয়ার লিগে ওঠার স্বাদ পান। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেছিলেন তিনি। দলটিকে প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ওঠা হয়নি।