ভারতের কাশ্মীরের সঙ্গে সিনেমার সম্পর্ক দীর্ঘদিনের। ষাটের দশকের ‘কাশ্মীর কি কলি’ থেকে শুরু করে ‘কাভি কাভি’, ‘হাইওয়ে’, ‘রাজি’-র মতো একাধিক সিনেমার শুটিং হয়েছে উপত্যকার মনোরম প্রাকৃতিক পরিবেশে।
এবার সেই কাশ্মীরেই শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জম্মু ও কাশ্মীর সরকার প্রথমবারের মতো আয়োজন করতে চলেছে ‘রং-এ-সিনেমা’ নামে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
জম্মু ও কাশ্মীর সরকারের তথ্য ও জনসংযোগ দপ্তরের উদ্যোগে আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজকদের লক্ষ্য, জম্মু ও কাশ্মীরকে আন্তর্জাতিক সিনেমা, চলচ্চিত্র নির্মাণ, সৃজনশীল সহযোগিতা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরা।
উৎসবকে ঘিরে ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের দাবি, বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে ১১০০-র বেশি সিনেমা জমা পড়েছিল। তার মধ্যে থেকে বাছাই করা হয়েছে ৪১টি দেশের ১৩৫টি সিনেমা।
ভারত থেকে নির্বাচিত হয়েছে ৬৪টি, ফ্রান্সের ১৩টি এবং ইরানের ৮টি সিনেমা উৎসবে প্রদর্শিত হবে। এছাড়াও তুরস্ক, জার্মানি, রাশিয়া, সুইডেন, স্পেন, ব্রাজিল, কাতার, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, কলম্বিয়া এবং তাইওয়ানের সিনেমাও থাকবে।
উৎসবের নির্বাচিত সিনেমাগুলো ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এবং ইনক্স পিভিআর-এ। পাশাপাশি জম্মুর ওবেস্ক সিনেমা এবং গুলমার্গের একটি হেলথ রিসর্টেও সিনেমার প্রদর্শনের ব্যবস্থা থাকছে।