বোলিংয়ে পারভেজ হোসেন জীবনের চোখধাঁধানো স্পিন আর ব্যাটিংয়ে মোহাম্মদ আব্দুল্লাহর দুর্দান্ত ৯৪ রানে ভর করে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা সফরকারীদের ১৫৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে।
আজ বুধবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
মাত্র ১১ রানের মধ্যে টপঅর্ডারের তিন ব্যাটার—জাওয়াদ আবরার (৫), ইকবাল হাসান (০) ও রিজান হোসেন (০) সাজঘরে ফেরেন। প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন কালাম সিদ্দিকী অ্যালিন (৩৪) ও শাহরিয়ার সাকিব (২১)।
তবে মিডলঅর্ডারে মূল দায়িত্বটা কাঁধে তুলে নেন মোহাম্মদ আব্দুল্লাহ ও আহরার আমিন পিয়ান।
সেঞ্চুরির কাছে গিয়ে ৯৪ রানে (১০০ বল) আউট হন আব্দুল্লাহ, অন্যদিকে পিয়ান করেন ৬১ রান।
শেষ দিকে পারভেজ হোসেন জীবনের ১৮ বলে ২৫ রানের দ্রুতগতির ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।
২৯১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সফরকারীরা কখনোই ম্যাচে ফিরতে পারেনি। দলটির পক্ষে আট নম্বরে নামা জুলকিফল সর্বোচ্চ ৪২ রান করেন।
বাংলাদেশের পক্ষে বোলিংয়ে মূল নায়ক ছিলেন পারভেজ হোসেন জীবন।
৭.৫ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া স্বাধীন ও মারুফ মৃধা ২টি করে এবং মাহফুজুর রহমান রাব্বি ১টি উইকেট নেন।
বোলারদের সম্মিলিত আক্রমণে ৪০.৫ ওভারে মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।
এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।