আগামী ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
তিনি স্পষ্ট জানিয়েছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইবেন, তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক মাদকবিরোধী শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সমাবেশে জাকারিয়া তাহের বলেন, মাদক কেবল কোনো ব্যক্তিকে নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধংসের মুখে ঠেলে দেয়।
মাদক অপরাধ ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি করায় সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিএনপি সরকারের অবস্থানের কথা তুলে ধরে গণপূর্তমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করছে।
তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে নানামুখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে।
কুমিল্লাকে মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্ত দিয়ে নানা ধরনের অবৈধ মাদক কুমিল্লায় ঢুকছে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে পাচারের পথ হিসেবে ব্যবহার করছে অপরাধীরা।
তবে এসব মাদক সিন্ডিকেট পুরোপুরি ভেঙে দিতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর।
মাদক কারবারিদের বিষয়ে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, স্থানীয় থানাগুলোতে খুব শীঘ্রই একটি করে ‘তথ্য বক্স’ বসানো হবে।
যেখানে সাধারণ মানুষ গোপনীয়তা বজায় রেখে মাদক কারবারি ও পাচারকারীদের তথ্য দিতে পারবেন।
পুলিশ, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এই লড়াইয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি জোর দিয়ে বলেন, এটি শুধু একদিনের কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং একটি ধারাবাহিক সামাজিক আন্দোলন।
আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম কুমিল্লার প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু,
জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং জেলা পরিষদের প্রশাসক মো. মুস্তাক মিয়া।
আলোচনা সভা শেষে নগরীর স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।