1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

লাস ভেগাসের পোশাক মেলায় নজর কাড়ল বাংলাদেশ প্যাভিলিয়ন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-08-2026 ইং
  • 12972 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের সক্ষমতা ও বৈচিত্র্য তুলে ধরতে লাস ভেগাসে অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক খাতের শিল্প অংশীদারদের নজর কেড়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, নেভাদার লাস ভেগাস ট্রেড সেন্টারে গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হয় উত্তর আমেরিকার অন্যতম শীর্ষ ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ার ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সার্বিক ব্যবস্থাপনায় মেলায় দেশের শীর্ষস্থানীয় ২০টি তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান ২১টি বুথ নিয়ে অংশ নেয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় বাংলাদেশ, চীন, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রসহ ২৪টি দেশের প্রদর্শকরা অংশ নেন। মেলায় ৮০০টির বেশি স্টল ও বুথ ছিল।

তিন দিনব্যাপী আয়োজনে ৭০টি দেশ থেকে আনুমানিক ৮ হাজার ৫০০ দর্শনার্থী অংশ নেন। তাদের মধ্যে ৭৩ শতাংশের বেশি ছিলেন উচ্চপর্যায়ের ক্রেতা ও খাতসংশ্লিষ্ট নীতিনির্ধারক। বিশ্বের পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও ফ্যাব্রিক সরবরাহকারী, ক্রেতা, ব্র্যান্ড ও ডিজাইনারদের মধ্যে ব্যবসায়িক সংযোগ তৈরিতে ‘সোর্সিং অ্যাট ম্যাজিক’ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ এবং বৈশ্বিক সোর্সিংয়ের নতুন সুযোগ তৈরিতে এ মেলাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নে নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, ক্যাজুয়াল পোশাক, কটন শার্ট, প্রিমিয়াম ডেনিম, বিশেষায়িত ওয়াশড পণ্য এবং উচ্চমূল্যের ফরমাল পোশাক প্রদর্শন করা হয়। এসব পণ্যের বৈচিত্র্য ও গুণগত মান আন্তর্জাতিক ক্রেতাদের প্রশংসা কুড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মেলা চলাকালে বাংলাদেশি রপ্তানিকারকেরা বিভিন্ন আন্তর্জাতিক ক্রেতার সঙ্গে বিপুলসংখ্যক বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক ও বাণিজ্যিক আলোচনায় অংশ নেন। এসব বৈঠকে নতুন ব্যবসায়িক অনুসন্ধান পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে রপ্তানি আদেশ পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে ফ্যাশন পণ্যের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যে দ্রুত মানিয়ে নিতে সক্ষম, লাস ভেগাসের এ মেলায় তার একটি ইতিবাচক চিত্র উঠে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের দৃশ্যমানতা বাড়ানো, রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং বিশ্বব্যাপী নির্ভরযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..